যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। মিয়ামির নিভিয়ানে পেটিট ফেলপস নামের এই নারী হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। পরে ফ্লোরিডার এক ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শনিবার (১৭ এপ্রিল) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
কিছুদিন আগে ফেলপস তার কারাগারে থাকা স্বামীকে একটি ভিডিও পাঠান। যুক্তরাষ্ট্রে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বন্দিদের পরিবার এভাবে যোগাযোগ করতে পারে। ভিডিওটিতে তিনি জো বাইডেন এবং কমলা হ্যারিসের ওপর ক্ষোভ ঝেড়ে স্বামীর সঙ্গে কথা বলেন। এরপর ফেব্রুয়ারি থেকে কমলা হ্যারিসকে সরাসরি আক্রমণ করতে থাকেন। ভিডিওতে তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছে। তোমার দিন ইতোমধ্যে গোনা হয়ে গেছে। আমি এটা করতে যাচ্ছি, প্রস্তুত থাকো।
এই নারীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে বলা হয়, রাষ্ট্রপতি জো বাইডেন এবং সহ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসসহ অন্যদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করে ফেলপস ক্রোধে কথা বলছিলেন। এই ভিডিওগুলিতে ফেলপস ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে হত্যার কথাও বলেছেন।
ইত্তেফাক/এসএ