একদিন পরই নিজের সুর বদলালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল শনিবার ভার্চুয়াল এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, ইলিয়াস আলীকে সরকার নয়, নিজের দলের নেতারাই তাকে গুম করেছেন। সেই সঙ্গে গুম হওয়ার সময়কার বেশকিছু প্রমাণও তিনি উল্লেখ করেন। তবে একদিন পরই সেই সুর পাল্টে বললেন, মিডিয়ায় তার বক্তব্য বিকৃত করা হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) বিকেলে শাহজাহানপুরে নিজ বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন।
মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য আসছে সেটা আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি তাহলে কে করেছে খুঁজে বের করে দেয়া হোক। আমি তাই বলেছি।’ গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আব্বাস বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। এ সময় মির্জা আব্বাসের বাসায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআই