ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ধোবাউড়ায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রমজান শুরু হতেই বিদ্যুতের এই ভেলকিবাজি শুরু হয়েছে। প্রথম রোজার দিন থেকে প্রতিদিন সন্ধ্যার পর প্রায় কয়েক ঘণ্টা বিদ্যুত্ থাকে না। ফলে তারাবির সালাত আদায় করতে কষ্ট হচ্ছে মুসল্লিদের। বিদ্যুতের যে কোনো সমস্যায় অফিসের নাম্বারে কল করার প্রচারণা করা হলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। বারবার অফিসের নাম্বারে কল দিলেও কেউ ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, শুধু বিলের সময় তাদের পাওয়া যায়। এ ব্যাপারে পল্লী বিদ্যুত্ সমিতি-৩-এর ধোবাউড়া সাব জোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিন জানান, নেত্রকোনা গ্রিডে সমস্যা চলছে, এটা নিয়ে কথা হয়েছে। আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে।