কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবিবার বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশি আউশ আবাদ বাড়ানোর নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার।
৭০ জন গ্রামপুলিশ সদস্য পেলেন বাইসাইকেল
সালথা (ফরিদপুর) সংবাদদাতা করোনা সময়ে কাজের গতি বাড়াতে সালথায় কর্মরত গ্রামপুলিশ সদস্যের মধ্যে রবিবার বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় রবিবার উপজেলা পরিষদ চত্বরে ৭০ জন গ্রামপুলিশ সদস্যের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। গ্রামপুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।
কেন্দ্রীয় শহিদ মিনারের নির্মাণকাজ উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের নির্মাণকাজ রবিবার উদ্বোধন করা হয়েছে। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে করোনার কারণে কর্মহীন ৫০০ ব্যক্তির মধ্যে রবিবার প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণের চাল বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান, এনডিসিসহ অনেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জরুরি চিকিত্সাসামগ্রী বিতরণ
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরে করোনা সংক্রমণ রোধে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি স্বাস্থ্যকেন্দ্রে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ জরুরি চিকিত্সাসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল বহেরাতলা হাজী কাশেম উকিল মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং দত্তপাড়া চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য হাইফ্লো নেজাল ক্যানোলা দুটি, অক্সিজেন কনসেনট্রেটর দুটি এবং চারটি পালস অক্সিমিটার দেওয়া হয়।
গম চাষে লাভবান কৃষক
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় চলতি মৌসুমে গমের ভালো ফলন হয়েছে। উপজেলার বাঁশবুনিয়া গ্রামের গম চাষি নিতাই শীল ও মুকুল মণ্ডল জানান, এ বছর কৃষি অফিসের সহায়তায় বীজ ও সার পেয়ে গম চাষ করে বেশ লাভবান হয়েছি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান জানান, কৃষি বিভাগের উদ্যোগে দুই শতাধিক চাষিকে গম চাষে উপযুক্ত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়। এছাড়া কৃষি প্রণোদনা হিসেবে তাদের বিনা মূল্যে গমের বীজ ও সার দেওয়া হয়। যে কারণে এ বছর ভারী গম-২৯ ও ৩৩ জাতের গম চাষ করে কৃষকরা লাভবান হয়েছেন।
ইসলামপুরে মাস্ক বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রবিবার মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কে পৌর এলাকার মণ্ডলপাড়ায় মাস্ক বিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দেন সিনিয়র এএসপি (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া ও ওসি মাজেদুর রহমান।
সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে আমন ফসলের বাম্পার ফলনের পর পতিত জমিতে সূর্যমুখীর ভালো ফলনের সম্ভাবনায় কৃষকরা খুশি। আর এ কারণে সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। সদর ইউনিয়নের ভাইজোড়া গ্রামের চাষি হাবিবুর রহমান চলতি বছরে ৩৩ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করেন। তার জমিতে সূর্যমুখীর ভালো ফলন হবে। আমনের পর সূর্যমুখীর ভালো ফলনে খুশি চাষি হাবিবুর। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, সূর্যমুখী চাষে এলাকার চাষিদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে কোটালীপাড়ার আমতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। রবিবার আতমলী ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিএসপি-৩-এর অর্থায়নে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হান্নান শেখ এসব বিতরণ করেন।