সার্টিফিকেট-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং

এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৩,১৬৯ প্রতিষ্ঠানে ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের ৩০১টি প্রতিষ্ঠানে কর্মরত ল্যাব সহকারী/শপ সহকারী/ কম্পিউটার ল্যাব সহকারীদের পেশাগত প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। এছাড়া সরকারি প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি করে ভোকেশনাল ট্রেড চালু হতে যাচ্ছে, সেখানে প্রতিটি ট্রেডে একজন করে ট্রেড সহকারীর পদ রয়েছে। নিয়োগ বিধিমালায় যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা উল্লেখ রয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল বা এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা পাশ শিক্ষার্থী পাওয়া দুরূহ ব্যাপার, তাই সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনালসহ এক বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-ভোকেশনাল টিচার্স ট্রেনিং (CVocEd) কোর্স সম্পন্নধারীদের নিয়োগের ব্যবস্থা করলে দক্ষ জনবলের অভাব দূর করা সম্ভব হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট-ইন-বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ বহু বিষয়ের সম্মিলনে গঠিত একটি প্রশিক্ষণীয় প্রোগ্রাম। এছাড়া ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষণ বহুমাত্রিক (জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি) প্রোগ্রাম বটে। ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষাক্রম বাস্ত্তবায়নে সহকারীদের পেশাগত দক্ষতার মান বাড়ানো। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশের পর দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট পরীক্ষা পাশ কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা, বর্তমানে দুই বছর মেয়াদি এসএসসি ভোকেশনাল কোর্স চালু হওয়ায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাশ কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা হওয়া উচিত। এই সার্টিফিকেট কোর্সের মেয়াদ এক বছর যা ৬ মাস করে দুটি সেমিস্টারে বিভক্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আটটি ট্রেড বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। সেগুলো হলো—আটো-ডিজেল, বৈদ্যুতিক, খামার যন্ত্রপাতি, যন্ত্রনির্মাতা, রেডিও-টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ ও শীতলীকরণ, ওয়েল্ডিং ও ছুতারের কাজ (কার্পেন্ট্রি)। এছাড়া আর্কিটেকচারাল ডিজাইন, ফুড প্রসেসিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, সিভিল কনস্ট্রাকশন, লেদার প্রোডাক্টস, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, ফুটওয়ার ম্যানুফ্যাকচারিং, ফিস কালচার অ্যান্ড ব্রিডিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড টেইলারিং, কম্পিউটার  ও ইনফরমেশন টেকনোলজি, টেক্সটাইল ডাইং ও প্রিন্টিং, অ্যাগ্রোবেসড ফুড, নিটিং অ্যান্ড উইভিং, লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং, জুট প্রোডাক্টস, রিনিউয়েবল এনার্জি, ফারমাসিটিক্যাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রোমেডিক্যাল, গ্লাস অ্যান্ড সিরামিক প্রোডাক্টস, পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, পাল্প অ্যান্ড পেপার প্রোডাক্টসসহ সমস্ত ট্রেড চালু করা প্রয়োজন। প্রতিটি ট্রেডে দুটি পর্বে জন্য বিশদ আলাদা আলাদা পাঠ্যসূচি এবং প্রতি পর্বের ষোল সপ্তাহের কর্মকাল রয়েছে। প্রতি সপ্তাহে ৫০ মিনিটের গড়ে ৩৫টি পিরিয়ডে ক্লাস রয়েছে, তার মধ্যে তাত্ত্বিক পিরিয়ড সংখ্যা গড়ে ১৪টি এবং ব্যবহারিক গড়ে ২১টি পিরিয়ড নির্ধারিত। এছাড়া তিন-চার সপ্তাহের শিল্প কারখানার অ্যাটাচমেন্ট প্রোগ্রাম রয়েছে।

রিপন কুমার দাস

ট্রেড ইন্সট্রাক্টর,

ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়,

পটুয়াখালী