ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নিজস্ব ফায়ার সেফটির ব্যবস্থা না রেখে যারা ভবন নির্মাণ করবেন তাদেরকে ডিএনসিসির পক্ষ থেকে হোল্ডিং নম্বর কিংবা ট্রেড লাইসেন্স প্রদান করা হবে না। গতকাল রবিবার ইউরোপীয় ইউনিয়ন-ইকোর সহযোগিতায় ‘সেভ চিলড্রেন’ কর্তৃক আয়োজিত ‘নগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় আন্তঃসংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় মো. আতিকুল ইসলাম একথা বলেন।
ডিএনসিসির মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শুধু উন্নয়নেই নয়, দুর্যোগ মোকাবিলাতেও বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে।’
ডিএনসিসির মেয়র করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সরকার কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী সংযুক্ত ছিলেন।