পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া সড়ক বেহাল

৬০ গ্রামের মানুষের দুর্ভোগ

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

এলজিইডির অধীনে থাকা পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া সড়ক দীর্ঘদিন ধরে ধুলা-বালু ও কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মির্জাপুর উপজেলাসহ আশপাশের প্রায় ৬০ গ্রামের মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানান, উপজেলার দক্ষিণাঞ্চলের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া আট কিলোমিটার সড়ক স্থানীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই উপজেলাসহ আশপাশের ৫০-৬০ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। সোমবার সড়কটি সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস্তার সংস্কারকাজ বন্ধ থাকায় চলাচলের ক্ষেত্রে জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া রাস্তার প্রায় ৪ কোটি টাকার কাজ পায় অবনী এন্টারপ্রাইজের ঠিকাদার হিকমত উল্লাহ।

স্থানীয় বাসিন্দা আল মামুন, রিপন ও ফরহাদসহ অনেকে অভিযোগ করে বলেন, কাজ পাওয়ার পর কিছু কাজ করলেও ঠিকাদার দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ রেখেছে।

অবনী এন্টারপ্রাইজের ঠিকাদার মো. হিকমত উল্লাহ বলেন, ফান্ড না থাকায় কাজ বন্ধ রয়েছে। ফান্ড পাওয়া সাপেক্ষে রাস্তার কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মির্জাপুর উপজেলার পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া রাস্তার কাজ যাতে দ্রুত সময়ে শেষ হয় এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাস্তার কাজে কোনো অনিয়মের কারণে কাজ বন্ধ থাকলে এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।