নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় কঠোর লকডাউন চলাকালে অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা না থাকায় ১১০ কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তারেক ইসলাম নামে এক রিকশাচালক। গতকাল রবিবার রংপুর মেডিক্যালে এই চমকপ্রদ ঘটনা ঘটে। সন্তানের জন্য বাবার ভালোবাসার এই অপূর্ব প্রকাশের কথা শুনে মুগ্ধ হন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। তিনি অসুস্থ শিশুটির চিকিত্সার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন।
গতকাল বিকেলে রংপুর জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এ সময় তিনি জানান, জেলা প্রশাসক মো. আসিব আহসান শিশুটির চিকিত্সার সব ব্যয় বহন করবেন। এ সময় তিনি শিশুটির মায়ের হাতে ৫ হাজার টাকা তুলে দেন। তিনি আরো জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিতভাবে শিশুটির চিকিত্সার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিত্সার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।