বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুেকন্দ্রে সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন। একই সঙ্গে তারা এই ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিত্সার দাবিও জানিয়েছে।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের গতকাল রবিবার এক বিবৃতিতে পাঁচ জন শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জি এম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং রমজানের ইফতার, সেহরি ও তারাবি ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিলেন শ্রমিকরা। কেন এবং কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখা জরুরি। মাহে রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেওয়া যায় না।

বাঁশখালীতে শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি। গতকাল সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় শ্রমিক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শ্রমিকদের ন্যায়সংগত দাবি-দাওয়ার বিষয়ে আলাপ-আলোচনা না করে পুলিশ দিয়ে শ্রমিক হত্যার ঘটনা নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, মো. তৌহিদ, কাজী আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ।

আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলা ও গুলি করে শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবিও জানিয়েছে সংগঠনটি। পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান।