করোনা ভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিত্সাসেবা দিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে তার নির্বাচনি এলাকা কুমিল্লা-১০ আসনের তিন উপজেলায় (সদর দক্ষিণ, নাঙ্গলকোট, লালমাই) তিনটি সরকারি হাসপাতালে দুটি করে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) স্থাপন করা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্তদের চিকিত্সার জন্য এসব হাসপাতালে অন্যান্য চিকিত্সা সরঞ্জামও দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী শিগিগরই ঐ তিনটি হাসপাতালে আইসিইউ সেবা কার্যক্রম এবং সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর উদ্যোগে এবং আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় জেলার নবগঠিত লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালে দুটি আইসিইউ শয্যা, দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা, তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর, একটি বাইপেপ ও একটি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সংবলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, একটি অটোক্লেভ মেশিন, একটি লেরিঙ্গোস্কোপ মেশিন, দুটি বৈদ্যুতিক সাকার মেশিন ও ১০টি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্তদের জন্য হাসপাতালের নিজস্ব উদ্যোগে ১২ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। এছাড়া সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে আইসিইউ স্থাপনসহ প্রায় একই ধরনের চিকিত্সা সরঞ্জাম দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রীর ছোট ভাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘অর্থমন্ত্রী শিগিগরই তিনটি হাসপাতালে আইসিইউ সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন।’ লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিত্সক কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার উল্লাহ বলেন, ‘অর্থমন্ত্রী শিগিগর এখানে আইসিইউসহ অন্যান্য সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন। তবে আইসিইউ সেবা চালু রাখতে হলে এই হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে।’ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ‘আমাদের এখানে আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন চিকিত্সকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীরা নিজ এলাকায় উন্নত সেবা পাবে বলে আশা করছি।’