বরিশালে ট্রাকের চাপায় নিহত ১

বরিশালে ইটবোঝাই ট্রাকচাপায় মো. মালেক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হলেও পালিয়ে গেছেন হেলপার। গতকাল রবিবার দুপুরে কাশিপুর গার্লস হাইস্কুল ও কলেজের পাশের সড়কের গনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার মৃত হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে। বরিশাল এয়ারপোর্ট থানার এসআই মো. রায়হানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।