সর্বাত্মক লকডাউনের কারণে ফ্লাইট চলাচল হঠাত্ বন্ধ হওয়ায় সৌদিগামীদের বাতিল হওয়া ফ্লাইটের টিকিট পাওয়া নিয়ে প্রবাসী কর্মীদের দুর্ভোগ কাটছেই না। ভুক্তভোগী প্রবাসী কর্মীদের অনেকের ভিসার মেয়াদ কিংবা ফ্লাইটের নির্ধারিত দিনক্ষণ শেষ হতে চললেও অধিকাংশের কপালে টিকিট জুটছে না।
কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে টিকিট কনফার্ম করতে প্রবাসী কর্মীরা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের অফিসের সামনে এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসের সামনে ভিড় করে বিক্ষোভ করেন। তবে কবে তাদের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ফলে দুর্ভোগ যেন কাটছেই না প্রবাসীদের। গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের অফিসের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন প্রবাসীরা। সেখানে প্রচণ্ড বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।
লকডাউনের কারণে চার দিনের সৌদিগামী ফ্লাইট বাতিল হওয়ার পর তিন দিন ধরে সৌদি প্রবাসীরা (শুক্রবার, শনিবার ও গতকাল রবিবার) কাওরান বাজারে সৌদিয়ার অফিস এবং মতিঝিলের বিমান অফিসে ভিড় করেন। সৌদিয়া থেকে জানানো হয়, বাতিল হওয়া ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের টিকিট গতকাল দেওয়া হবে। সে হিসেবে প্রথমে ১৪ তারিখের টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু সকালে টিকিট দেওয়া শুরুর পাঁচ মিনিট পরেই প্রবাসীদের মধ্যে হইচই শুরু হয়।
গত বছর টোকেন নিয়ে যাদের ফ্লাইট আগে তাদের টিকিট আগে দেওয়ার ব্যবস্থা থাকলেও এবার তা না থাকায় অনেকে সিরিয়াল ভেঙে তদবির করে আগেই টিকিট নিয়ে যাচ্ছেন—এমন অভিযোগে প্রবাসীরা হইচই শুরু করেন। একই অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতিঝিলের কার্যালয়েও দেখা যায়। এদিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, টিকিট রি-ইস্যু করা হচ্ছে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদের নতুন টিকিট দেওয়া হচ্ছে। ২০ এপ্রিলের পরের টিকিটধারীদের বিষয়ে পরে জানানো হবে। টিকিট রি-ইস্যু করতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। গতকাল থেকে সাউদিয়ার ফ্লাইট চালু হয়েছে।