শহরের টানবাজারে ইয়ার্ন মার্চেন্ট ক্লাব থেকে ২২ জন জুয়াড়ি ও সিদ্ধিরগঞ্জ থেকে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাবের বিশেষ টিম। গত শনিবার রাতে ইয়ার্ন মার্চেন্ট ক্লাব ও সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর সোনামিয়া বাজার এলাকায় ৩ নম্বর বালু মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার তাস ও নগদ ২ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। পরে গতকাল রবিবার র্যাব ১০-এর হাবিলদার মো. আলমগীর হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।