মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি দেওয়ায় এক নার্সকে গ্রেফতার করা হয়েছে। ফ্লোরিডার হাসপাতালের নার্সের নাম নিভিয়ান পেটিট ফেল্পস (৩৯)। শনিবারই ওই নার্সকে গ্রেফতার করা হয়। কমলাকে খুনের হুমকি দেওয়ার খবর জানার পর থেকেই মার্কিন সিক্রেট সার্ভিস তদন্ত শুরু করে। খবর সিএনএনের
ফ্লোরিডার দক্ষিণে যুক্তরাষ্ট্রের জেলা আদালতে দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, গত ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে হত্যা ও শারীরিক ক্ষতি করার হুমকি দেয় ফেল্পস। ২০০১ সাল থেকে জ্যাকসন হেলথ সিস্টেমে কাজ করতো সে। ওই নার্সের স্বামী কারাবন্দি। গত ফেব্রুয়ারিতে স্বামীকে একটি ভিডিও পাঠায় ফেল্পস।
প্রসঙ্গত, ‘জেপে’ নামের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্দিদের সঙ্গে যোগাযোগ করেন তার পরিবারের লোকজন। ওই অ্যাপেই ভিডিওটি পাঠিয়েছিল ফেল্পস। তাতে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় তাকে। কেবল কমলা হ্যারিস নন, জো বাইডেন সম্পর্কেও কটু কথা বলতে শুরু করে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, সে রীতিমতো হুমকি দিচ্ছে। তাকে বলতে শোনা যায়, ‘কমলা হ্যারিস, তোমাকে মরতে হবে। তোমার দিন গণনা শুরু হয়ে গেছে।’ অন্য একটি ভিডিওতে সে বলে, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি। তোমার শেষের দিন এসে গেছে। আজ থেকে ৫০ দিনের মধ্যে তুমি মারা যাবে। আজকের দিনটা মার্ক করে রেখো। আমাকে কেউ একজন ৫৩ হাজার ডলার দিয়েছে তোমাকে শেষ করার জন্য। আমি এটা করতে যাচ্ছি, প্রস্তুত থাক।’ মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, ‘একটি ছবিতে তারা ফেলপসের হাতে বন্দুকও দেখেছেন। এরপর দ্রুত তাকে গ্রেফতার করা হয়।’