নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না’ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে এ মামলা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মামলার এজহারে বলা হয়েছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার ফেসবুক পেজ থেকে কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, এদের কোনো ইমান নাই, শুক্রবার এক দিন নামাজ পড়তে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরণ করে ইত্যাদি উসকানিমূলক আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। যা সারা বাংলাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানে।

এজাহারে বলা হয়, এমন বক্তব্যের মাধ্যমে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। এর মাধ্যমে নুর ও তার সহযোগীদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।

মামলার বাদী আশরাফুল ইসলাম সজীব বলেন, কয়েকদিন আগে নুরুল হক নুর লাইভে এসে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। ডাকসুর একজন ভিপির এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ডাকসুর একজন ভিপি যদি এ ধরনের বক্তব্য দেন তাহলে তার কাছ থেকে তরুণ প্রজন্ম কী শিখবে? তার এ ধরনের বক্তব্যের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট হতে পারে। এ আশঙ্কা থেকে মামলাটি করা হয়েছে।