ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চবি শিক্ষার্থী কারাগারে

চট্টগ্রাম অফিস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আহসানুল বান্না তামিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। আহসানুল বান্না তামিম চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। সোমবার আদালতে হাজির করার পর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কামরুন্নাহারের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান। এসআই মনিরুল ইসলাম বলেন, গত ১২ এপ্রিল চবির শিক্ষার্থী মোমিনুল হক মামুনের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় আহসানুল বান্না তামিম নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়। মামলার বাদী জানান, তামিম দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়িয়ে আসছে। মামুনুল হক ইস্যুতেও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক লেখালেখি করেছে। সরকারবিরোধী প্রচারের স্ক্রিনশটসহ সব তথ্য পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।