স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রবিবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ছোট ভাই শাফির (৩৭) ইটের আঘাতে বড় ভাই উজ্জ্বল শেখ (৫০) আহন হন। ঘটনার ১৫ দিন পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার উজ্জল শেখ মারা যান। তিনি নগরীর হাদিরমোড় এলাকার মৃত বদর উদ্দিন শেখের ছেলে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, শাফি গত ৩ এপ্রিল পারিবারিক সম্পত্তি নিয়ে কলহের জেরে বাড়ির দুই তলা থেকে বড় ভাই উজ্জলকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। বড় ভাই মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিত্সা নেন। রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওসি আরো জানান, মৃতের করোনা আক্রান্তের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবার রোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত প্রতিবেদন পেলে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।