গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে থাকা পরিত্যক্ত কুয়ায় পড়ে দুই সহোদর পোশাকশ্রমিক হাবিবুর রহমান ও কৃষিশ্রমিক হাসান মিয়া মারা গেছেন। এ সময় মিন্টু মিয়া নামের অপর এক যুবক আহত হন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে। আহত মিন্টু মিয়াকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, হাবিবুর টয়লেট থেকে ঘরে ফেরার পথে উঠানের পরিত্যক্ত কুয়ার ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাকে উদ্ধার করতে কুয়ার ভেতরে নামেন বড় ভাই হাসান মিয়া ও প্রতিবেশী মিন্টু মিয়া। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হাবিবুর ও হাসানের লাশ এবং মিন্টুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অস্বাভাবিক হত্যা মামলা দায়ের হয়েছে।