চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে নতুন টিউবওয়েল বসানোর পর পানির পরিবর্তে বের হয় গ্যাস। রবিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পানি, বালি ও বস্তা চাপ দিয়ে গ্যাস উঠা বন্ধ করা হয়। জানা গেছে, কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়ির হারুন অর রশীদের ঘরে রবিবার রাতে ১৬০ ফুট গভীরতার একটি নতুন টিউবওয়েল বসায়। কাজের শেষ পর্যায়ে পানি উঠে কি না, দেখতে টিউবওয়েলের হাতলে চাপ দিলে বুঁদ বুঁদ গ্যাস বের হতে থাকে। পরে গ্যাসে ম্যাচ মারলে আগুন জ্বলে উঠে। বেশ কয়েকবার এভাবে দেখার পর সবাই আতঙ্কিত হয়ে উঠে। এক পর্যায়ে পানি, বালি ও বস্তা দিয়ে চাপ প্রয়োগে গ্যাস উঠা বন্ধ করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, কঠোর বিধিনিষেধের কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়ভাবে গ্যাস বের হওয়ার জায়গাটি সংরক্ষিত করে রাখার পরামর্শ দেন তিনি।