করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় গঠিত তহবিলের অর্থ অপব্যবহারের দায়ে বহিষ্কার করা হয়েছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইর শ্রমমন্ত্রী কেন কান্দোডোকে। গ্রেফতার করা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়, মন্ত্রিসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরের অন্তত ১৪ জন কর্মকর্তাকে। রবিবার দেশটির প্রেসিডেন্ট লাজারুস চাকভেরা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্স
টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, তিনি দেশটির করোনা মোকাবিলা কর্মসূচির ৬ দশমিক ২ বিলিয়ন মালাউইয়ান কোয়াচা (৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার) তহবিল কীভাবে ব্যয় হচ্ছে—তা জানতে একটি নিরীক্ষণের নির্দেশ দিয়েছিলেন। এতে দেখা গেছে, তহবিলের অনেক অর্থ তছরুপ হয়েছে, অপব্যবহার হয়েছে এবং অলস ফেলে রাখা হয়েছে।