ধামরাই (ঢাকা) সংবাদদাতা
পুরস্কৃত ও সম্মানীত হলেন প্রতীকীভাবে পদ্মা সেতু নির্মাণকারী ধামরাইয়ের এক স্কুলশিক্ষার্থী। চারদিকে সেতুটির খবর ছড়িয়ে পড়লে এসডিআইয়ের সিইও সামছুল হক সহকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে প্রতীকী সেতুটি পরিদর্শন করেন এবং এর নির্মাতা শিক্ষার্থী সোহাগকে উত্সাহিত ও সম্মানীত করতে আর্থিকভাবে পুরস্কৃত করেন। তিনি বলেন, সৃজনশীল কাজে মেধাবী ও প্রতিভাবানদের সম্মানীত ও উত্সাহিত করা সকলের দায়িত্ব ও কর্তব্য।
উল্লেখ্য, উপজেলার সূতিপাড়া গ্রামের কৃষক সুলতান আলীর পুত্র ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সোহাগ নিজ বাড়ির আঙিনায় পদ্মা সেতুর আদলে ৬০ ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন এই প্রতীকী পদ্মা সেতুটি নির্মাণ করেন। সেতুটির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা দেখতে সংবাদকর্মী ও সাধারণ দর্শনার্থীরা হুমড়ি খেয়ে পড়ছে।