কিশোরী ও তরুণীকে ধর্ষণের শাস্তি দাবি মহিলা পরিষদের

ইত্তেফাক রিপোর্ট

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় কিশোরীকে ধর্ষণ এবং বগুড়ার শেরপুর উপজেলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৫ এপ্রিল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় সুতাকাটা কিশোরী শ্রমিক কাজ শেষে সন্ধ্যায় বাড়ি যান।

পরে ইফতার করে বাড়ির পাশের দোকানে শ্যাম্পু কিনতে বের হলে পথে ভাঙাবাড়ী গ্রামের নূর ইসলামের ছেলে নুর মোহাম্মদ তার মুখ চেপে ধরে শালবাগানে নিয়ে ধর্ষণ করে। একই দিনে বগুড়ার শেরপুর উপজেলায় বাসাবাড়িতে কাজের খোঁজে আসেন বগুড়ার ধুনট উপজেলার এক তরুণী। পরে বাড়িতে যাওয়ার জন্য ধুনট মোড় এলাকায় রাতে সিএনজি অটোরিকশার  জন্য অপেক্ষায় থাকলে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাত্পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন প্রামাণিক, আবুল শেখের ছেলে আব্দুল খালেক  ও পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার সাইফুল সরকারের ছেলে সোহাগ সরকারের পরিচয় হয়। পরে ঐ তরুণীকে এক জনের বাড়িতে কাজ দেওয়ার কথা বলে কৌশলে বাগড়া হঠাত্পাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুকুরপাড়ে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চার জন মিলে ধর্ষণ করে।