৩০ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ হাজার কেজি জাটকা জব্দ

ইত্তেফাক রিপোর্ট

চাঁদপুরের হরিনাঘাট নৌপুলিশ ফাঁড়ি ও মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার এবং ৭ হাজার কেজি জাটকা জব্দ করেছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে।

নৌপুলিশের প্রধান আতিকুল ইসলাম বলেন, দেশের মত্স্যসম্পদকে রক্ষা করার প্রয়াসে ১ নভেম্বর থেকে  ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার হরিনাঘাট নৌ ফাঁড়ি মেঘনা নদী থেকে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি জাটকা, ও জাটকা ধরার কাজে ব্যবহূত একটি নৌকা জব্দ করে। কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ছয় জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ কেজি জাটকা ও জাটকা ধরার কাজে ব্যবহূত দুটি ট্রলার আটক করে। পরে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা এবং গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়েছে। নৌকা ও ট্রলার সংশ্লিষ্ট ফাঁড়ির হেফাজতে রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।