দক্ষিণখানে ওয়াসার পানি দিয়ে হাত ধোয়া যায় না

 

কারণ শনাক্ত করতে পারছে না কর্তৃপক্ষ

নিলয় মামুন

রাজধানীর দক্ষিণখানের আইনুছবাগে ১৫ দিন ধরে ওয়াসার পানিতে ময়লার গন্ধ। খাবার উপযোগী তো নয়ই বরং এই পানি দিয়ে গোসল ও দৈনন্দিন কাজও সারতে পারছে না মানুষ। রমজানের মধ্যে এমন পানির সমস্যা দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েছে ঐ এলাকার মানুষ। এমনকি নিরুপায় হয়ে কিছু কিছু পারিবার এ পানি ব্যবহারের কারণে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ।

এলাকাবাসী জানায়, টানা ১৫ দিন ধরে ওয়াসার পানি থেকে প্রস্রাব-পায়খানার দুর্গন্ধ পাওয়া যায়। এসব পানি খাওয়া তো যায়ই না, গোসলও করা যাচ্ছে না। আইনুছবাগ এলাকার  বাসিন্দা সরকারি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ‘দীর্ঘদিন যাবত আমরা এ সমস্যা অতিবাহিত করলেও এখন পর্যন্ত পানির সমস্যা সমাধান হয়নি। ওয়াসাকে কয়েকবার জানালে তারা এসে পানি নিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত স্বচ্ছ পানি পাচ্ছি না। এভাবে রমজানের মধ্যে আমরা যেভাবে দিন কাটাচ্ছি তা অবর্ণনীয়।’ একই এলাকার বাসিন্দা রাজেস সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পানির সমস্যার ১৫ দিন পার হতে চলল অথচ তারা নাকি বুঝতে পারছে না কীভাবে এ সমস্যা হচ্ছে। এতদিন লাগে কোথায় সমস্যা হচ্ছে এটি খুঁজতে ?’

এদিকে এই এলাকায় বিভিন্ন বাড়িতে অনেকে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ারও অভিযোগ করেছেন এলাকাবাসী। আইনুছবাগের বাসিন্দা রাসেল হাসান জানান, তার ছেলে গত ১০ দিন আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের এই পানিই নিরুপায় হয়ে ব্যবহার করতে হয়েছে। অথচ এখন ভুগতে হচ্ছে। এতদিন এ সমস্যা চললেও যেন দেখার কেউ নেই। ’

অন্যদিকে ওয়াসা মোডস জোন-৯-এর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক ইত্তেফাককে বলেন, ‘কোন জায়গা থেকে এমন ময়লার পানি আসছে এটা বুঝা যাচ্ছে না। মাটির নিচে লাইন হওয়ায় আমরা সেটি এখনো শনাক্ত করতে পারিনি। আমরা চেষ্টা করছি পানিতে ময়লা কোথা থেকে আসছে সেটি শনাক্ত করার জন্য। এই লকডাউনে মানুষের একটু কষ্ট হচ্ছে সেটি আমরা বুঝি। শিগিগরই এ সমস্যার সমাধান হবে। ’