ক্যান্ডি পৌঁছেছেন মুমিনুলরা

বাংলাদেশের টেস্ট দল ঘোষণা আজ

 স্পোর্টস রিপোর্টার

কলম্বোর কাতুনায়েকেতে রুম কোয়ারেন্টাইনের পর দুই দিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। ২১ সদস্যের প্রাথমিক দলের ক্রিকেটাররা নিজেরা ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছেন। গতকাল কলম্বো ছেড়ে দুপুরের পর ক্যান্ডি পৌঁছেছে মুমিনুল হকের দল। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামেই হবে সিরিজের দুই টেস্ট।

আগামীকাল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মূল লড়াইয়ে নামার আগে টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পাচ্ছে মাত্র এক দিন। গতকাল তা নিয়েই আক্ষেপ ঝরল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠে। সন্ধ্যার পর কলম্বো থেকে তিনি বলেছেন, ‘আমরা তো আজ (গতকাল) ক্যান্ডি আসলাম। কাল (আজ) অনুশীলন করে পরদিন ম্যাচ। এক দিন অনুশীলন করে ম্যাচ খেলতে হবে, আঁটোসাঁটো সূচির একটা জটে ফেলে দিয়েছে আমাদের।’ গতকাল ক্যান্ডি পৌঁছে আর অনুশীলন করেননি ক্রিকেটাররা। বিকালে লম্বা মিটিং হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২১ সদস্যের কোনো ক্রিকেটারই সিরিজ শেষের আগে দেশে ফিরবেন না। সেটার মূল কারণ আসলে করোনা মহামারিতে সৃষ্ট ফ্লাইট জটিলতা। সঙ্গে দলের অনুশীলনে নেট বোলারের অভাব।

আজ ম্যাচের ভেন্যুতে অনুশীলনের পর টেস্টের জন্য ১৬ থেকে ১৭ জনের দল ঘোষণা করা হবে। কারণ ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে এর চেয়ে বেশি ক্রিকেটার থাকার অনুমতি পাবেন না। বাকি চার জন টিম হোটেলে থেকে যাবেন। গতকাল প্রধান নির্বাচক বলেছেন, ‘কালকে (আজ) দলটা ছোট করা হবে। ১৭ জন করা হবে। ড্রেসিংরুমে এর বেশি থাকতে পারবে না। বাকি চার জন হোটেলে থাকবে।’

দল সূত্রে জানা গেছে, প্রাথমিক দলে থাকা চার পেসার খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম ১৭ জনের মূল টেস্ট স্কোয়াডে নাও থাকতে পারেন। লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা থাকলেও উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং শুভাগত হোম দলে সুযোগ পেতে যাচ্ছেন।

এদিকে বাংলাদেশের মতোই দুই টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি স্বাগতিক শ্রীলঙ্কাও। ক্যান্ডিতে স্পোর্টিং উইকেটই তৈরি করা হচ্ছে বাংলাদেশের জন্য। রঙ্গনা হেরাথ নেই বলে স্পিনে শক্তি কমেছে লঙ্কানদের। তাই পেসারদের জন্য কিছুটা সুবিধা রেখেই উইকেট বানাচ্ছে স্বাগতিকরা।