চট্টগ্রামে ২৬ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার, দুই ব্যক্তি আটক

চট্টগ্রাম অফিস

লোহাগাড়া ও নগরীর কর্ণফুলী থানায় দুইটি অভিযানে আনুমানিক ৭৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) সদস্যরা।  অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহূত একটি কাভার্ডভ্যানও আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কলেজ রোড ডেইল পাড়া এলাকার মৃত ফয়সল আহমেদের পুত্র ট্রাকের হেলপার নূর আলম (৪৩) ও রামু উপজেলার উত্তর মিঠাছড়ি হাসপাতাল পাড়ার ওবাইদুর রহমানের পুত্র কাভার্ডভ্যান চালক শাফায়েত উল্লাহ (২৩)। 

গতকাল সোমবার বিকালে এ তথ্য জানান র্যাব সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঁঞা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার চুনতিতে অবস্থিত ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এলাকায় একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকচালকের হেলপারের একটি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। ইয়াবাসহ আটক ব্যক্তিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দক্ষিণ শিকলবাহা এলাকার ওয়াই জংশন রাশেদ সওদাগরের শাহ চন্দ্রপুরী এলাকা থেকে কাভার্ডভ্যান চালকের আসনের পেছনে একটি ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ হাজার ৭০০  পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ১০ হাজার টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহূত কাভার্ডভ্যান আটক করা হয়। কাভার্ডভ্যান ও ইয়াবাসহ আটক ব্যক্তিকে নগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সূত্র জানায়, আটক আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজারের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ সারাদেশে বিক্রি করে আসছেন।