জয়পুরহাট প্রতিনিধি
মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে গত রোববার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় এক কেজি গাঁজা, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, জয়পুরহাট পৌরসভার উত্তর সবুজনগর এলাকার সিটি কারিগরি কলেজ মাঠে ও ইশ্বরপুর গ্রামের সুমন্ত চন্দ্র দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার নগদ ৩ হাজার ৩৪২ টাকা, সাতটি মোবাইল ফোনসেট ও তাস উদ্ধার করা হয়। অন্যদিকে সদর উপজেলার ভাতকোটা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল জব্বার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক মামলা করা হয়েছে।