প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন জাফরুল্লাহ চৌধুরী

 ‘জনস্বার্থে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এতে তিনি করোনায় আক্রান্তদের গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ চিকিত্সায় সরকারের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া করোনা মোকাবিলায় সরকারকে ১১টি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠিটি জমা দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে জানান, গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ করোনা চিকিত্সা দল প্রতি দুই সপ্তাহে ১ হাজার কোভিড রোগীর সাশ্রয়ী উন্নত চিকিত্সার উদ্যোগ নিয়েছে। অক্সিজেন, ওষুধ, মেডিক্যাল যন্ত্রপাতি ও সামগ্রী থেকে সব ধরনের শুল্ক, অগ্রিম আয়কর, মূসক ইত্যাদি প্রত্যাহারের পরামর্শ দেন তিনি।

সব ওষুধের মূল্য এবং রোগ পরীক্ষার পদ্ধতিসমূহের চার্জ সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ডা. জাফরুল্লাহ। কারাবন্দিদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করার এবং খুন ও দুর্নীতির দায়ে দণ্ডিতদের ছাড়া অন্য সবাইকে জামিনে মুক্তি দেওয়ার কথাও বলেছেন চিঠিতে। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজসমূহে প্রতি বছর ২০ হাজার শিক্ষার্থী ভর্তির এবং এমবিবিএস পাশের পর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে এক বছর ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরামর্শও দেন তিনি।

জাফরুল্লাহ তার খোলা চিঠিতে আগামী বাজেটে সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী সংস্কার; গভীর নলকূপ ও বিদ্যুতায়ন ব্যবস্থার উন্নয়ন; মেডিক্যাল, নার্সিং, ফিজিওথেরাপি ও টেকনিশিয়ানদের জন্য ডরমিটরি, ক্লাসরুম, লাইব্রেরি, ডাইনিংরুম এবং ৫ জন চিকিত্সক ও ১০ জন নার্সিং, ফিজিওথেরাপি ও টেকনিশিয়ানপ্রধানদের জন্য ৬০০-৭০০ বর্গফুটের বাসস্থান; বহির্বিভাগসহ ৩০ শয্যার হাসপাতাল, ল্যাবরেটরি ও অপারেশন থিয়েটার নির্মাণে জন্য ৬ কোটি টাকা এবং অপারেশন থিয়েটার; এক্সরে আলট্রাসনোলজি, চক্ষু ও বিভিন্ন ল্যাবরেটরির যস্ত্রপাতির জন্য অন্যূন ৪ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।