নেতাকর্মীদের সংঘাতে না জড়াতে বললেন বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। গতকাল সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিও বার্তায় বাবুনগরী হেফাজত সম্পর্কে গুজবে কান না দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সংঘাত ও ভাঙচুরে না জড়াতে বলেছেন।

বাবুনগরী বলেন, প্রশাসন রমজানে উলামায়ে কেরাম, তৌহিদি জনতাকে হয়রানি ও গ্রেফতার করছে। সারা রাত মানুষ বাইরে থাকছে। তারা ইফতার ও সাহ্‌রি কীভাবে করবে? হাটহাজারী মাদ্রাসার আশপাশের লোকজনও রাতে ঘরে থাকতে পারছে না। অথচ তারা কোনো আন্দোলনে ছিল না। মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বাবুনগরী বলেন, হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী, জুনায়েদ আল হাবিব, মামুনুল হক, ইলিয়াস হামিদীকে মুক্তি দিন। ৯ বছর আগের মামলায় কেন তাদের গ্রেফতার করা হচ্ছে। এত দিন কোথায় ছিলেন আপনারা। ২০১৩ সালের এসব মামলা ডাহা মিথ্যা।

কোনো পার্টি কিংবা দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয় উল্লেখ করে বাবুনগরী বলেন, কিছু কুচক্রি মহল নানা প্রকার গুজব রটাচ্ছে। গুজবের প্রতি কান না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, হেফাজতের উদ্দেশ্য কোনো দলকে ক্ষমতায় বসানো নয়। ২৬ মার্চ হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না উল্লেখ করে বাবুনগরী বলেন, ঐ দিন কোনো কমান্ড ছিল না। তিনি নিজেও হাটহাজারী ছিলেন না। ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের মারধর করেছে ক্যাডাররা। মোদির আগমন ঘিরে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না।