ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

 

বিগত এক দশক থেকে এশিয়ার অনুর্ধ্ব-৩০ উদ্যোগপতিদের নামের তালিকা প্রকাশ করে আসছে আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ফোর্বস’। ২০১১ সাল থেকে শুরু করে প্রতি বছর ম্যাগাজিনটি এ তালিকা প্রকাশ করে আসছে। এশিয়ার ৩০ বছরের কম বয়সী ৩০০ উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী তরুণদের নিয়ে এ তালিকায় প্রায়ই উঠে এসেছে বাংলাদেশের তরুণদের নাম। তবে এবারই প্রথম এই তালিকায় একসঙ্গে স্থান পেয়েছেন ৯ বাংলাদেশি। প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও ই-বাণিজ্যে অসামান্য অবদানের জন্য এবার তালিকাভুক্ত হয়েছেন তারা। তাদের উদ্যোগ আর সফলতার কথা নিয়েই আমাদের আয়োজন।

>> জাহিদ হাসান দিপু

ফোর্বসের এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিস’র প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪), মোতাসিম বীর রহমান (২৬) ও স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব (২৮)।

মাত্র ২১ বছর বয়সেই আইবিএম রিসার্চের কাছে তার প্রথম উদ্যোগের পেটেন্ট (স্বত্ব) দাবি করেন শেহজাদ নূর তাওস। অন্যদিকে মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং প্লাটফর্ম ‘নগরবালক’ তৈরি করেন মোতাসিম বীর রহমান। তাদের সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠিত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিস’ অনলাইন লেনদেনের জন্য ভিজুয়াল রিকগনিশন প্রযুক্তি সরবরাহ করে থাকে।

তালিকায় স্থান পাওয়া তৃতীয় ব্যক্তি হলেন স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মীর সাকিব। মূলত ডেটা নিয়ে কাজ করে ক্র্যামস্ট্যাক, যা একটি বিজনেস ইন্টেলিজেন্স প্লাটফর্ম। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, তথ্য-উপাত্তের উত্স অনুসন্ধান ও ব্যবহারই মূলত এর কাজ।

সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে বাংলাদেশের তিনজন স্থান পেয়েছেন এই তালিকায়। ‘অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি’র সহ-প্রতিষ্ঠাতা রিজভি আরেফিন (২৬) ও শোমী হাসান চৌধুরী (২৬) এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের আহমেদ ইমতিয়াজ জামি (২৭)।

সচেতন তরুণদের একত্রিত করে জনসাধারণের জীবনমান উন্নত করতে সেবামূলক সংস্থা অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি প্রতিষ্ঠা করেন রিজভী আরেফিন এবং শোমী হাসান চৌধুরী। কুয়ালালামপুর ভিত্তিক এ সংস্থা এখন কাজ করছে বিশ্বের প্রায় ২৩টি দেশে। হাত ধোয়া, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা (ওয়াশ) বিষয়ক কর্মশালা থেকে শুরু করে বিভিন্ন পরিবেশবাদী উদ্যোগ পরিচালনা করে থাকে সংস্থাটি।

দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে আহমেদ ইমতিয়াজ জামির প্রতিষ্ঠিত অভিযাত্রিক ফাউন্ডেশন। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুদের বিনামূল্যে শিক্ষা ও চিকিত্সাসেবা দিয়ে আসছে এই ফাউন্ডেশন। এমনকি করোনাকালেও ঘরবন্দি মানুষকে খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য জরুরি সুবিধা দিয়ে আসছে এই ফাউন্ডেশন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘হাইড্রোকুয়োপ্লাস’ স্টার্টআপের জন্য তালিকায় স্থান পেয়েছেন জাহিন রোহান রাজিন (২২) এবং রিজওয়ানা হূদিতা (২৮)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেনন্স (এআই) ব্যবহার করে পানির গুণাগুণ ও পানিতে থাকা জীবাণু শনাক্তের কৌশল উদ্ভাবন করেছেন জাহিন। এর অর্জন হিসেবে ২০২০ সালে ‘ইয়াং লিডার্স’র তালিকায় স্থান পান তিনি। জাহিন রোহান রাজিন ও রিজওয়ানা হূদিতার প্রতিষ্ঠিত ঢাকা ভিত্তিক প্রতিষ্ঠান হাইড্রোকুয়োপ্লাস। মূলত নিরাপদ পানি নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেবামূলক সংস্থা পানির গুনগত মান নিয়ে করা তাদের প্রযুক্তি ব্যবহার করে থাকে।

ফোর্বসের রিটেইল অ্যান্ড ই-কমার্স ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন পিকাবুর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)। নিজেদের ওয়েবসাইটে পণ্য বিক্রি ও দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য সুপরিচিত অনলাইন মার্কেটপ্লেস এটি। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাসিক কিস্তি সুবিধা ও একই দিনে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে পিকাবু অগ্রগামী ভূমিকা পালন করে চলেছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা অনলাইন মার্কেটপ্লেসটি ২০২১ সালের মধ্যেই দেশব্যাপী ১৫০টি শো-রুম খোলার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।

গত বছর ফোর্বসের এ তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম।