বিনোদন ডেস্ক
দক্ষিণী জনপ্রিয় ও অনেক ব্যবসাসফল সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান এরইমধ্যে নিজের সামর্থের জানান দিয়েছেন বলিউডেও। তার বেশ কয়েকটি বলিউড সিনেমা বলিপ্রেমীদের মনেও জায়গা তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন ও পছন্দের চরিত্রের এখন তিনি পুরোপুরি প্রস্তুত বলে গত বছর এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন শ্রুতি। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন, নিজের পছন্দের মতো চরিত্র তাকে দেওয়া হয় না। এমনকি তার ওপর সেই আস্থায় কেউ রাখতে চান না। তবে তার এই আক্ষেপের পালা এবার শেষ হতে যাচ্ছে। ‘সালার’ শিরোনামের একটি নতুন সিনেমায় দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এরইমধ্যে সিনেমাটি চুক্তিবদ্ধ হয়েছেন শ্রুতি। আর এই সিনেমাটিতেই তার পছন্দের পলিটিক্যাল জার্নালিস্ট চরিত্রে অভিনয়ে সুযোগ পেয়েছেন তিনি। নির্মাতা কান্নদার এই সিনেমায় সাংবাদিকতার সঙ্গে অ্যাকশন করতেও দেখা যাবে তাকে। শ্রুতি বলেন, ‘নিজেকে অনেক আগেই প্রমাণ করেছি। কিন্তু কেন যে তারা আমার যোগ্যতার মূল্যায়ন করতেন না জানি না। তবে অপেক্ষায় ছিলাম। এবার সেই সুযোগ ধরা দিলো। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। এমন চরিত্রের জন্যই মুখিয়ে ছিলাম। নিশ্চয় হতাশ করবো না।’
উল্লেখ্য, এই সিনেমাটিতে শুরুতে দিশা পাটানিকে নেওয়া কথা থাকলে তাকে বাদ দিয়ে শ্রুতিকে নেওয়া হলো।