শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সংঘর্ষে খবির শেখ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন। উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের বাবু মোল্লার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খবির শেখ ঐ এলাকার মৃত হাছেন শেখের ছেলে। ঘটনার পর রাতেই খবির শেখের পক্ষে প্রতিবেশী ফজলু মাদবরসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে খবির শেখের সঙ্গে তার চাচাতো ভাই ও বোনদের পাটকাঠি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এ নিয়ে সালিশে প্রতিবেশী ফজলু মাদবরের সঙ্গে খবির শেখের কথা কাটাকাটি হয়। সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে খবির শেখসহ ছয় জন আহত হয়। খবির শেখের অবস্থা গুরুতর হওয়ায় ভোরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার বেলা ১১টায় তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঐ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। রাতেই এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।