দক্ষিণাঞ্চলে ধান কাটতে যাচ্ছেন গঙ্গাচড়ার ১ হাজার কৃষিশ্রমিক

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গত বছরের মতো এবারো রংপুরের গঙ্গাচড়া থেকে প্রায় ১ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, থানাপুলিশ, কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে। মঙ্গলবার প্রথমধাপে ৩৩৯ জন শ্রমিক কুমিল্লা ও বগুড়ার নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেন। দেশে করোনা প্রভাব সত্ত্বেও হাওর এলাকাসহ বিভিন্ন স্থানে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেওয়ায় সরকারের বিশেষ ব্যবস্থায় গঙ্গাচড়া থেকে ধানকাটা শ্রমিক এখন কুমিল্লা অন্যান্য স্থানে যাচ্ছেন।

উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তার ইউনিয়ন থেকে ৫২ জন শ্রমিক বাইরে কাজে গেছেন ।

গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কৃষি কর্মকর্তার সার্টিফাই এবং উপজেলা প্রশাসনের সুপারিশ নিয়ে শ্রমিকরা যাচ্ছেন। সে ক্ষেত্রে আমরা শুধু ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও গাড়ির নাম্বার নিয়ে রাখছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, গতবারের মতো এবারও গঙ্গাচড়া থেকে প্রায় ১ হাজার কৃষি শ্রমিক বাইরে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ৩৩৯ জন শ্রমিক ধান কাটতে গেছেন। উপজেলা প্রশাসন থেকে সুপারিশপত্র দেওয়া হচ্ছে।