পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আট জনকে জরিমানা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু ভরাট ও উত্তোলনের দায়ে আট জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি এ জরিমানা করেন। তিনি জানান, উচ্চ পর্যায়ের প্রশাসনের নাম ভাঙিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পদ্মায় অবৈধভাবে বালু ভরাট ও উত্তোলন করে আসছে—এমন সংবাদের ভিত্তিতে পাকা, উজিরপুর, সাত্তার মোড় ও বহালাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বালু ভরাটের মালিক ও ট্রাক্টর চালকসহ আট জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।