আমরা এসেছি ম্যাচ জেতার জন্য মুমিনুল

শ্রীলঙ্কায় আজ শুরু প্রথম টেস্ট

স্পোর্টস রিপোর্টার

টেস্ট ক্রিকেটে সাকুল্যে ২০ ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি। আশার কথা সেটি শ্রীলঙ্কার মাটিতেই। ২০১৭ সালে সেই জয়ের ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। দেশের মাটিতে সাদা পোশাকে ৮ ম্যাচেও লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ।

অতীতের রেকর্ড যেমনই হোক গতকাল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বেশ হুংকার ছেড়েই জানালেন, আমরা শ্রীলঙ্কায় এসেছি ম্যাচ জেতার জন্য। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে উইন্ডিজদের কাছে হোয়াইটওয়াশ হওয়া, টানা হারে বিপর্যস্ত দল—এসব ভেবে চাপ বাড়াতে নরাজ মুমিনুল। সব ভুলে নতুন শুরু চান তিনি।

মুমিনুল বলেছেন, সামগ্রিক পরিস্থিতি যেমনই হোক ক্যান্ডিতে আজ জয়ের জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আজ সকাল সাড়ে ১০টায়।

তিন ফরম্যাটে শেষ ৮ ম্যাচে হেরেছে বাংলাদেশ। টেস্টেও হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দল। মুমিনুল বলছেন, দল হিসেবে চাপে নেই বাংলাদেশ। গতকাল তিনি বলেছেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই।’

প্রস্তুতি নিয়ে উচাটান থাকলেও লঙ্কায় জয়ের মিশনেই গিয়েছে টাইগাররা। মুমিনুল দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‘আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি— ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রক্রিয়া ঠিক থাকে, পাঁচ দিন ভালো খেলি, ইনশাআল্লাহ জয় পাব।’

কন্ডিশনে খুব পার্থক্য নেই, বাংলাদেশের মতোই শ্রীলঙ্কায় এখন বেশ রোদ। শুধু ম্যাচে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কায় যায়নি মুমিনুল বাহিনী। অধিনায়ক তাই জয়ের জন্য পূর্ণ আশাবাদী। গতকাল বলেছেন, ‘আশার তো কোনো শেষ নেই। আশা তো সবসময় থাকতে হবে। আপনি এই জায়গায় এসেছেন শুধু অংশ নিতে—তাহলে তো হবে না। আমার মতে, এই জায়গায় যদি শুধু অংশ নিতে আসেন তাহলে ক্রিকেট না খেলাই ভালো। যেখানেই যান, যত খারাপ পরিস্থিতি থাকুক, অবশ্যই জেতার আশা থাকতে হবে, স্পৃহা থাকতে হবে। এটা নিয়েই আমরা মাঠে নামব।’ শ্রীলঙ্কাকে হারাতে ব্যাটসম্যান ও পেস বোলারদের উপর ভরসা করছেন মুমিনুল।

ক্যান্ডির উইকেটে ঘাস আছে। বিসিবি সূত্রে জানা গেছে, আজ তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। শরীফুলের অভিষেক হওয়ার সম্ভাবনা নেই। রাহী, এবাদতের সঙ্গে তাসকিন একাদশে থাকতে পারেন।