মাগুরা প্রতিনিধি
হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের ডাক দেওয়ায় মাগুরার মহম্মদপুর থানাপুলিশ উপজেলার বড়রিয়া গ্রাম থেকে সোমবার রাতে শাহিন বিপ্লব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি ঐ গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মাগুরায় আদালতে পাঠানো হয়। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, শাহিন বিপ্লব তার ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের ঘটনায় জিহাদের ডাক দেয়। ফলে ঐ এলাকায় দুটি গ্রুপের মধ্যে সংঘাতের পরিবেশের সৃষ্টি হয় এবং চরম উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে গ্রেফতার করেছে। পুলিশ বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। শাহিন বিপ্লবের পোস্ট কারা কারা শেয়ার করেছেন তা শনাক্তের চেষ্টা চলছে।