সরকারের আগ্রহ প্রকল্পে, জনজীবন বাঁচাতে নয় জি এম কাদের

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি নিতে না পারা সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা। আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী ততটাই যেন অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিত্সা ব্যবস্থার উন্নয়নে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাজুক চিকিত্সা ব্যবস্থায় দেশের মানুষ অসহায়। সাধারণ মানুষের জন্য কোনো চিকিত্সা নেই। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু বেশির ভাগ জেলায়ই আইসিইউ না থাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছেন না রোগীরা। বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে দেশে করোনার চিকিত্সার মতোই সাধারণ চিকিত্সাও দুর্লভ হয়ে উঠেছে। অন্যান্য রোগে আক্রান্তরাও চিকিত্সা পাচ্ছেন না।