সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে দুই পক্ষের সংঘর্ষে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সকালে বালুচর ইউনিয়নের খাসখান্দির বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন । গুরুতর আহত সাবুদ্দিনের ছেলে মো. দৌলাত ও সাজিন এবং নুরুল হকের ছেলে মো. মহিউদ্দীনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার এবং হাউজিং কোম্পানির গ্রুপিংকে কেন্দ্র করে নবধারা হাউজিংয়ের চেয়ারম্যান মো. শাহজাহান এবং সরকার সিটির চেয়ারম্যান খোরশেদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাহজাহান গ্রুপের লোকজন খোরশেদ সরকারের চাচাতো ভাই ইকবাল সরকারের মালিকানাধীন মিনিবাসে এবং নুরুল ইসলাম সরকারের বসতঘরে আগুন দেয় এবং বেগম বাজারে ৮-১০টি দোকান ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে ।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।