করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কমিশনার মো. আলী আসগর (৫৬)। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বিসিএস (ট্যাক্সেশন) ত্রয়োদশ ব্যাচের এ কর্মকর্তা ঢাকার কর আপিল জোন-৩ এ কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন।
এনবিআর সূত্র জানায়, আসগর আলীর করোনা শনাক্ত হওয়ার পর বাসায় থেকে চিকিত্সা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ল্যাবএইড হাসপাতালে গত পাঁচ দিন ধরে আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়।
প্রসঙ্গত, এর আগে বিসিএস কর ক্যাডারের ২৭ ব্যাচের কর্মকর্তা উপকর কমিশনার শুধাংশু কুমার সাহা করোনায় মৃত্যুবরণ করেন। কাস্টমস কমিশনার হোসাইন আহমেদও মারা যান করোনায়। এছাড়া আয়কর ও কাস্টমস বিভাগের বেশ কয়েক জন কর্মকর্তাও মারা যান। বর্তমানে অনেকেই আক্রান্ত হয়ে বাসা কিংবা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
অর্থমন্ত্রীর শোক
কর বিভাগের কর্মকর্তা কমিশনার মো. আলী আসগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, কর কমিশনার আলী আসগর ত্রয়োদশ বিসিএসের কর কাডারের একজন মেধাবী, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। তিনি কর বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন।