পবিত্র মাহে রমজান উপলক্ষে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল হাজির হলেন নতুন একটি ইসলামী গান নিয়ে। গানটির শিরোনাম ‘তুমি মালিক’। ‘পাপী আমি গুনাহগার, করো খোদা ক্ষমা/ সারা জীবন কত জানি, পাপ হয়েছে জমা/ নামাজ রোজায় মগ্ন হয়ে, সঁপে দিলাম আমায়/ তুমি মালিক রেখো শুধু, তোমার অসীম দয়ায়’— এমন কথার গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন, আর সুর করেছেন ইমরান। সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে এ গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষেই ‘তুমি মালিক’ গানটি করলাম। বেশ যত্ন নিয়ে করা কাজটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।’ ফয়সাল রাব্বিকীন বলেন, ‘এর আগে আমার কথায় অনেক গান গেয়েছে ইমরান। তবে ইসলামি গান এই প্রথম করলাম আমরা। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’