বিনোদন রিপোর্ট
চলচ্চিত্রের সোনালি যুগে অভিনেত্রী কবরী ক’দিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাকে আর দর্শকরা দেখতে না পেলেও নিজের কাজের মাঝে তিনি বেঁচে থাকবেন হাজার বছর। কবরীর প্রতি দর্শকদের ভালোবাসার জায়গা হয়তো কখনো মলিন হওয়ার নয়। এবার চুয়াডাঙ্গা শহরে দেখা গেল মানুষের কবরীর প্রতি সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। চুয়াডাঙ্গা শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘কবরী রোড’। ১৯৬৯ সালে কবরী অভিনীত ‘কখগঘঙ’ সিনেমার শুটিং করা হয়েছিল চুয়াডাঙ্গা শহরে। আর সেই বাড়িসংলগ্ন সড়কেরই নামকরণ করা হয় ‘কবরী রোড’। ‘সেতাব মঞ্জিল’ নামের এই বাড়িতে ১৯৬৯ সালে ‘কখগঘঙ’ সিনেমার শুটিং করা হয়। এ কারণে তখন সেই বাড়িতেই থাকতো কবরী-রাজ্জাকসহ সিনেমার পুরো টিম। তবে এই বাড়িকে কেন্দ্র করে শুধু কবরী রোড নয়, বাড়িটিই এখন পরিচিতি পেয়েছে ‘কবরী মেস’ নামে। উল্লেখ্য, ‘কখগঘঙ’ ছবিটির চিত্রগ্রাহক ছিলেন প্রয়াত বেবী ইসলাম। সিনেমাটির শুটিংয়ের খরচ কমানোর জন্য নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছিল এই সিনেমাটির। ১৯৭২ সালে মুক্তি পায় ‘কখগঘঙ’।