দিনাজপুর অফিস
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে প্রায় পাঁচ টাকা।
হিলি স্থলবন্দরের বাজারে সোমবার প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৬ টাকা দরে বিক্রি হলেও মঙ্গলবার তা নেমে এসেছে ২০ থেকে ২২ টাকায়। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) কম থাকায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় কমে গত কয়েক দিন ধরে গড়ে চার থেকে পাঁচ ট্রাকে ঠেকেছে। এ অবস্থায় চলতি মাসেই অবশিষ্ট পেঁয়াজ আমদানির আইপির মেয়াদ শেষ হওয়ায় আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন বন্দরের আমদানিকারকরা। এতে বন্দর দিয়ে সোমবার ১৪টি ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ এসেছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। অন্যদিকে রমজানের শুরুর দিকে সবাই বেশি বেশি পেঁয়াজ কিনে রাখায় এখন বাজারে পেঁয়াজের চাহিদা অনেকাংশেই কম। আর আমদানির তুলনায় চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, সোমবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকের মধ্যে আমদানিকারকরা খালাস নিয়েছেন সাত ট্রাক পেঁয়াজ। বাকি ট্রাকগুলোর পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা পড়ে আছে বলে জানান তিনি।