শিবচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে বুধবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাথী বেগম (২৭)। সে উপজেলার বাশকান্দি ইউনিয়নের মামুন চৌকিদারের স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিণ বাশকান্দি গ্রামের আছুমদ্দিন কবিরাজের মেয়ে। ঘটনার  পর থেকে সাথীর স্বামী পলাতক রয়েছে। এদিকে সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন, সাথীকে তার স্বামী প্রায়ই টাকার জন্য চাপ দিত। মাঝেমধ্যে অনেক মারধর করত। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠকও হয়। কয়েক দিন আগেও মারধরের পর ফরিদপুর মেডিক্যালে চিকিত্সা করাই। আমার বোনকে মামুন মেরে ঘরে ঝুলিয়ে রাখছে। আমি ওর ফাঁসি চাই। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জানান, ঐ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে এটা হত্যা, নাকি আত্মহত্যা। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।