বাল্যবিবাহ ঠেকাতে কাজ করছে বাফুফে ইউনিসেফ

স্পোর্টস রিপোর্টার

বাল্যবিবাহ ঠেকাতে আবারও বাফুফে উদ্যোগ নিয়েছে। বাফুফের সঙ্গে কাজ করছে ইউনিসেফ। বাল্যবিবাহ ঠেকাতে আগেও বাফুফের নারী ফুটবল কমিটি উদ্যোগ নিয়েছিল। এবারও আরো একবার কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে।

বাফুফে-ইউনিসেফ মনে করছে এই করোনা কালে বাল্যবিবাহের প্রবণতা বেড়ে গিয়েছে। সে কারণে সচেতনতা বাড়তে বাফুফে তাদের নারী ফুটবলার, কোচ অন্যান্য যারা নারী ফুটবলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের নিয়ে একটি ভার্চুয়াল সেমিনার করেছে। গতকাল এই মিটিং শেষে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে, দেশে বাল্যবিবাহ বেড়ে গেছে। এ কারণে বাফুফে এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে চাইল্ড ম্যারেজ প্রকেটকশন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে দেশের আঞ্চলিক পর্যায়ের ফুটবল কোচ এবং নারী ফুটবল দল অংশগ্রহণ করে।’

 কিরণ জানিয়েছেন, মেয়েদের বাল্যবিবাহ ঠেকানোর কৌশল শেখানো হয়েছে। যেখানে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ হয়ে থাকে, সেখানকার মেয়েদের বাল্যবিবাহ কীভাবে ঠেকানো তা শেখাবেন নারী ফুটবলাররা। বাল্যবিবাহে নিরুত্সাহিত করার পাশাপাশি ফুটবলে উত্সাহিত করা ক্যারিয়ার গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করার ব্যাপারে আগ্রহী করা হবে।