হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান এখনো স্বপদে বহাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা ও চাঁদাবাজি মামলাসহ নানা অভিযোগ থাকার পরও রয়েছেন বহাল তবিয়তে। হত্যা, চাঁদাবাজিসহ নানান অভিযোগ থাকলেও উপজেলা আওয়ামী লীগ এখনো নেয়নি কোনো ব্যবস্থা। ফলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত্ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ এপ্রিল দুপুরে সাবেক চেয়ারম্যান কাশেম আলীকে রাস্তায় পেয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করে। পুনরায় একই দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে চেয়ারম্যান সাইফুলের লোকজন সাবেক চেয়ারম্যান কাশেম আলীর লোকজনকে পেয়ে লাঞ্ছিত করার চেষ্টা করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির জেরে বর্তমান চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যানের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালক। তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রধান আসামি পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে করা হয়েছে। এছাড়াও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা তদন্তাধীন আছে।

সরাইল থানা পুলিশের ওসি আল মামুন মো. নাজমুল আহমেদ বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তদন্ত করা হচ্ছে। চেয়ারম্যান বর্তমানে পলাতক রয়েছেন।