গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবু আর নেই

স্টাফ রিপোর্টার ও গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু গতকাল বুধবার ভারতের ব্যাঙ্গালুরোর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (৬০) (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি হূদরোগের উন্নত চিকিত্সার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল।

মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য তিনি ভারত যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন লাইফ সাপোর্টে থেকে গতকাল মারা গেছেন। তার মরদেহ বেঙ্গালুরু থেকে বিমানে প্রথমে কলকাতা আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে। মনিরুল ইসলাম বাবু গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগেরবার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।