হাইকোর্টে আরো দুইটি বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

ইত্তেফাক রিপোর্ট

কঠোর বিধিনিষেধে হাইকোর্টে বিচার কার্যক্রম পরিচালনার জন্য আরো দুইটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বুধবার এই বেঞ্চ গঠন করে দেওয়া হয়। এই দুটি ভার্চুয়াল বেঞ্চে জামিনসহ অতীব জরুরি ফৌজদারি মোশন মামলার শুনানি হবে।

এর মধ্যে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার মো. দিলীরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চে সকল ফৌজদারি মোশন ছাড়াও আদালত অবমাননা সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করা হবে। এ ছাড়া বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চকে সব ধরনের ফৌজদারি মোশন সংক্রান্ত মামলার শুনানি গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে।

এদিকে গতকাল হাইকোর্টে বেঞ্চ সংখ্যা বৃদ্ধির জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে প্রধান বিচারপতি কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগ সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চে সীমিত আকারে বিচার কাজ চলছে। এই কঠিনতম সময়ে হয়তো শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। এ কারণে শারীরিক উপস্থিতি ব্যতীত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে যেমন করে আপিল বিভাগ সচল রয়েছে তেমনি করে হাইকোর্ট বিভাগে আরো কয়েকটি বেঞ্চ বৃদ্ধি করা প্রয়োজন বলে সমিতি মনে করে।

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে হাইকোর্টে সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনার জন্য রিট ও ফৌজদারি মোশন শুনানির জন্য চারটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গতকাল আরো দুটি বেঞ্চকে জামিন আবেদন শুনানির এখতিয়ার প্রদান করা হয়। এ নিয়ে হাইকোর্টে ছয়টি বেঞ্চ গঠন করে দেওয়া হলো।