স্বামী ছাড়া এই প্রথম জন্মদিন পালন রানির

স্বামী প্রিন্স ফিলিপ ছাড়া এই প্রথম জন্মদিন পালন করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল ২১ এপ্রিল, বুধবার ছিল রানির ৯৫তম জন্মদিন। এবারের জন্মদিন আগের মতো আড়ম্বপূর্ণ ছিল না। তবে ব্রিটেনসহ সারা বিশ্বের সমর্থক ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে রানির একটি বার্তা প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস। খবর ডেইলি মেইলের

প্রিন্স ফিলিপের মৃত্যুর পর রানি দ্বিতীয় এলিজাবেথ দুই সপ্তাহের শোক পালন করছেন। তাই এবার আগের মতো কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবে তার পরিবারের সদস্যরা রানির সঙ্গে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে। যদিও সেখানে প্রিন্স হ্যারি থাকবেন না। কারণ মঙ্গলবারই প্রিন্স হ্যারি লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন। ৭৩ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে জন্মদিনে রানি এক বার্তায় বলেছেন, আমি আমার ৯৫তম জন্মদিনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যা প্রশংসার যোগ্য। তিনি বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুর পর আমার পরিবার খুবই দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ব্রিটেন, কমনওয়েলথ এবং সারা বিশ্বের মানুষ যেভাবে আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তা আমাদের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। প্রিন্স ফিলিপের মৃত্যুর পর সাম্প্রতিক দিনগুলোতে যেভাবে মানুষ আমাদের প্রতি সমর্থন জানিয়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ৯ এপ্রিল তার স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান।