বরগুনায় ডায়রিয়া ভয়াবহ এক সপ্তাহে ১৩০০ রোগী

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যেই বরগুনায় মারাত্মক রূপ নিয়েছে ডায়রিয়া। এক সপ্তাহে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে প্রায় ১ হাজার ৩০০ জন। গত এক যুগ বা তারও বেশি সময়ের মধ্যে বর্তমানে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। ডায়রিয়ায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন দুই জন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিত্সা দিতে বেগ পেতে হচ্ছে চিকিত্সকদের।

জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ডায়রিয়ায় আক্রান্ত রোগীতে ভরে গেছে। বিপুল পরিমাণ রোগীর কারণে দেখা দিয়েছে ওষুধসংকট। পরিস্থিতি সামাল দিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সামর্থ্যবানরা।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ জেলিয়া ইয়াসমিন ঢাকা এ প্রতিবেদককে বলেন, গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। তার মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৭৪ জন, বেতাগীতে ৩৪৮ জন, আমতলীতে ২৩১ জন, বামনায় ১০৭ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত  হয়েছেন ১৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত  হয়েছেন ৩২১ জন।

বরগুনা সদর হাসপাতালের পরিসংখ্যানবিদ মো. আল-আমিন বলেন, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। এছাড়াও গত সাত দিনে                 ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা গ্রহণ করেছেন ৩২০ জন। আর গত এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছেন ৯২৮ জন। বর্তমানে ৯টি বেডের অনুকূলে বরগুনা সদর হাসপাতালে ৮০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।

বরগুনা জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহা. সালামাত উল্লাহ বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতার থেকেও বরগুনায় ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরো বলেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর কারণে জেলা সদর হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তিল ধারণের ঠাঁই নেই।

ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন মদন মোহ দাশ (৬৫) জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালের মেঝেতে চিকিত্সা নিচ্ছেন।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের স্টোর কিপার মো. আমিনুর রহমান বলেন, বরগুনায় ডায়রিয়ার প্রকোপ করোনার থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া রোগীদের জন্য মজুত ওষুধ ফুরিয়ে গেছে। তাই সেসব স্বাস্থ্যকেন্দ্রে এক প্রকার ভিক্ষা করে চিকিত্সাসেবা চালিয়ে যাচ্ছেন সেখানকার কর্মীরা।

তিনি আরো বলেন, মঙ্গলবার বরগুনায় ১ হাজার মিলিলিটারের ৩ হাজার ও ৫০০ মিলিলিটারের ৪ হাজার ব্যাগ স্যালাইন বরাদ্দ এসেছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নিজে যোগাযোগ করে এই স্যালাইনের বরাদ্দ এনেছেন। তাই সেই স্যালাইন তার সংসদীয় আসনের বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের কার্যালয় থেকে বরগুনা জেলার জন্য ৫ হাজার মিলিলিটার স্যালাইন বরাদ্দ দেওয়া হবে বলে শুনেছি। তবে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, বরগুনায় উদ্বেগজনকহারে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। অনাবৃষ্টির ফলে পানি দূষণের কারণে জেলায় বিপুল পরিমাণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

তিনি আরো বলেন, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের স্যালাইনসংকট থাকলেও এ মুহূর্তে তা কিছুটা সমাধান হয়েছে। গ্রামসহ সর্বত্র মানুষকে ডায়রিয়ার বিষয়ে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ প্রচারণা চালিয়ে যাচ্ছে।