শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের দিন

ঘাসের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা কাঁধে তুলে নিয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। ক্যান্ডির সবুজাভ উইকেট কাঁপন ধরায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে। বরং পাল্লেকেলে স্টেডিয়ামের উইকেটে গতকাল দিনভর রাজ করেছেন ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা ব্যাটিং দ্যুতিতে রাঙিয়েছেন দিন এবং রাজ্যের হতাশা উপহার দিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের।

শান্তর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তামিম-মুমিনুলের জোড়া হাফ সেঞ্চুরিতে স্বপ্নময় দিন কাটিয়েছে বাংলাদেশ। গতকাল সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০২ রান। শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন।

গতকাল টস জিতে ব্যাট করা বাংলাদেশ গোটা দিনে দুটি উইকেট হারিয়েছে। দিনের প্রথম সেশনে সাইফ হাসান ও দ্বিতীয় সেশনে তামিম সাজঘরে ফিরেন। সকালে দিনের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে (০) এলবির ফাঁদে ফেলেন বিশ্ব ফার্নান্দো। পরে অভিজ্ঞ তামিমের ব্যাটে চাপ উড়িয়ে দেয় বাংলাদেশ। তামিম-শান্ত দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন। তাদের জুটি ভাঙে লাঞ্চের পর একই বোলারের বলে তামিম স্লিপে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলে। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলেন তামিম।

প্রথম দিনে লঙ্কান বোলারদের সাফল্যের গল্প ওখানেই শেষ। দিনের বাকি সময়ে শান্ত-মুমিনুল হতাশায় পুড়িয়েছেন স্বাগতিকদের। লাকমল-লাহিরু কুমারাদের সব চেষ্টা প্রতিহত হয়েছে দুই বাঁহাতির ব্যাটিং দেয়ালে। চা বিরতির পর ২৩৫ বলে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৪তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। ১৫০ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন তারা।